নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ জেলার বেলকুচিতে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পুলিশের সামনেই ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে স্কুল প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়। অভিভাবক সদস্য ৪ জন, শিক্ষক প্রতিনিধি ৩ জন, বিদ্যুৎসাহী সদস্য একজনসহ মোট ভোটার ৮ জন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদের বিপরীতে ২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তারা হলেন- ঐ গ্রামের প্রবীণ শিক্ষক শাহজাহান আলী মাস্টার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি।
ভোট গণনার শেষ, ঘোষণার পূর্বেই ছাত্রলীগ সভাপতি রবিন হাসান রকির পরাজয় বুঝতে পেরে তার নেতৃত্বে দলবদ্ধ বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে ব্যালট ও রেজুলেশনের খাতা ছিনতাই করেন। এ সময় বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত, পৌর ছাত্রলীগের সভাপতি এম. আকতার হামিদ আওয়ামী লীগ নেতাকর্মীর উপর চড়াও হয়।
এ সময় স্কুলের অফিস কক্ষে অবস্থানরত সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ইউপি সদস্য আশরাফুল ইসলামসহ মোট ১০ জন আহত হয়।
এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ বলেন, এমপির পিএস সেলিম সরকার ও রবিন হাসান রকির নেতৃত্বে পুলিশের সামনেই ব্যালট ছিনতাই ও আমাদের উপর সন্ত্রাসী হামলা করে। পুলিশ নিরব ভূমিকা পালন করে।
এ বিষয়ে নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার নাজির উদ্দিন ব্যালট ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করে বলেন, নির্বাচন শেষে ভোট গণনার পর শাহজাহান আলী সরকারের কাছে রবিন হাসান রকি এক ভোটে পরাজিত হয়, রেজুলেশন শেষ করে ঘোষণা দেয়ার আগেই এই সংবাদটা অভিভাবক সদস্য মনির বের হয়ে গিয়ে বাহিরে বললে সন্ত্রাসীরা এসে পুলিশের সামনেই আমার হাত থেকে ব্যালট পেপার ও রেজুলেশন খাতা ছিনিয়ে নিয়ে যায়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, ব্যালট ছিনতাইয়ের সময় আমার ফোর্স সেখানে ছিলো না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, রাজাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যালট ও রেজুলেশন খাতা ছিনতাইয়ের ঘটনাটি অবগত হয়েছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এই ঘটনায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
