শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দুই শর্তে খালেদা জিয়ার সাজা আরো ছয় মাস স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার (১২ মার্চ) বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন তিনি। আইনমন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না। চিকিৎসা নিজের বাসা থেকেই নিতে পারবেন।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেটার সময় শেষ হয়ে আসছিল জন্য তারা আবেদন করেছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো দুটি শর্ত সাপেক্ষে মুক্তির মেয়াদ ৬ মাসের জন্য বৃদ্ধি করেছি।’
‘শর্তগুলো হলো—তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসাগ্রহণ করবেন। তিনি হাসপাতালে যেতে পারবেন না-তা নয়, তিনি হাসপাতালে যেতে পারবেন এবং উক্ত সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না,’ বলেন তিনি।
সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে নাকি বাড়ানোর সুপারিশ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সুপারিশ করেছি। অতীতেও আমাদের সুপারিশের ভিত্তিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে, আমার বিশ্বাস এবারও তেমনই হবে।’
তিনি (খালেদা জিয়া) বাসায় থেকে রাজনীতি করতে পারবেন কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দরখাস্তে যেটা বলা হচ্ছে, তিনি গুরুতর অসুস্থ। সে ক্ষেত্রে রাজনীতি করার প্রশ্নটা তো অবান্তর। তিনি মুক্ত, তিনি অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন। এখানে রাজনীতির কথা আসাটা আমার মনে হয় কোনো প্রয়োজন নেই।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
