এইমাত্র পাওয়া

মিথ্যা জিডি করায় স্কুল শিক্ষকের ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ  প্রতিপক্ষের নামে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করার অপরাধে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আদালতের বিচারক ঝুমু সরকার এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান।

দণ্ডিত এহসানুল হক (৪৫) মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে এহসানুল হক তার প্রতিপক্ষ কয়েকজনের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সেটি প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠায়।

এরপর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ঝুমু সরকার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে মাধবপুর থানা পুলিশকে আদেশ দেন। পরে অভিযোগটি মিথ্যা উল্লেখ করে মাধবপুর থানার তৎকালীন উপ পরিদর্শক দেবাশীষ তালুকদার আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিক্ষক এহসানুল হককে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সাজার আদেশপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করা হবে।

এসআই দেবাশীষ তালুকদার বলেন, এহসানুল হক যে ব্যক্তির নামে অভিযোগ তুলে জিডি করেছিলেন; অভিযোগে উল্লেখ করা সময়ে ওই ব্যক্তি এলাকায় ছিলেন না বলে তদন্তে প্রতীয়মান হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.