পাঁচ দিন পর খোলা হলো ইবি উপাচার্য কার্যালয়ের তালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় উপাচার্য কার্যালয়ে তালা দেন সাবেক ছাত্রলীগ ও অস্থায়ী চাকরিজীবী সমিতির নেতাকর্মীরা। এতে পাঁচদিন বন্ধ ছিল উপাচার্য কার্যালয়। আজ শনিবার কার্যালয়ের তালা খোলা হয়েছে বলে জানা যায়।

আজ প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে এ তালা ভাঙা হয়। ইবিতে অনুষ্ঠিত আইন বিভাগের সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে বিচারক ও সহকারী বিচারক হিসেবে কর্মরত আছেন তাদের সঙ্গে শুভেচছা বিনিময়ের উদ্দেশ্যে তালা খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলে বুঝিয়েছি আজকে বিশ্ববিদ্যালয়ে দেশের হাইকোর্টের বিচারকসহ বিভিন্ন জায়গার জাজরা এসেছেন। তাদের সম্মানার্থে সমঝোতা করে বুঝিয়ে এটা করা হয়েছে।’

গত বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খণ্ডকালীন শিক্ষক অলিউর রহমানের ‘নিয়োগ সংক্রান্ত’ একটি অডিও ফাঁস হয়। সেই অডিওর পর বিভিন্ন বিষয়ে ছয়টি অডিও ফাঁস হয়েছে। অডিওগুলোতে অবশ্য উপাচার্যের কণ্ঠ ছাড়া অন্য পাশের কোনো কণ্ঠ শোনা যায়নি।

এই অডিও কাণ্ডে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। অডিওর জেরে দুর্নীতর অভিযোগে উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে অপসারণের দাবিতে উপাচার্যের কার্যালয়ে তালাবদ্ধ করে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।ভর্তির ন্যূনতম যোগ্যতা নেই এমন ১৬ জন শিক্ষার্থীকে ভর্তির দাবি জানিয়েছে কর্মকর্তা সমিতি। বিভিন্ন জন বিভিন্নভাবে উপাচার্যকে চাপে ফেলে অনৈতিক দাবি–দাওয়া পেশ করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উদ্ভূত পরিস্থিতি সমাধান না করতে পারলে আন্দোলনের হুমকি দিয়েছে।

প্রসঙ্গত, গত ২০ থেকে ২২ ফেব্রুয়ারি উপাচার্য তার বাসভবন থেকে কার্যক্রম পরিচালনা করেন। এরপর ২৩ ফেব্রুয়ারি ব্যক্তিগত ছুটি নিয়ে ঢাকা চলে যান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.