শিক্ষাবার্তা ডেস্কঃ মাওলানা রুহুল আমিন নামে মাধ্যমিকের এক ধর্মীয় শিক্ষককে সরকারি খরচে হজ করতে সৌদি আরবে পাঠাবেন এমপি। এজন্য এমপি নিজে ফোন করলেন তাকে। এমপির ফোন পেয়ে বেজায় খুশি শিক্ষক।
তবে এমপি তাকে ফ্রিতে হজে পাঠাবেন না। এজন্য তাকে এমপির বিকাশের মোবাইল ব্যাংকিং হিসাবে খরচ বাবদ পাঠাতে হবে ১৫ হাজার ২শ টাকা। লাখ লাখ টাকা গুণতে হবে না তাই কম খরচের হজে হওয়ার প্রস্তাব পেয়ে কোনো কিছু না ভেবেই টাকা পাঠিয়ে দেন ওই শিক্ষক। হজে হাওয়ার টিকিট নিশ্চিত তার।
পরক্ষণে ওই এমপির ফোনে কল দিয়ে বন্ধ পেলে সন্দেহ হয় তার। খোঁজ নিয়ে জানতে পারেন তিনি পটুয়াখালী-৩ আসনের এমপি শাহজাদা নন। প্রতারক। মাথায় হাত তার।
প্রতারণার শিকার হওয়া মাওলানা রুহুল আমিন পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের এবিসি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
তিনি জানান, প্রতারণার শিকার হয়ে শুধু তার মাথায় হাত পড়েনি। এমনই প্রতারণার শিকার হয়েছেন অনেকেই।
অন্যদিকে ইউএনও (অতিরিক্ত) মো. মহিউদ্দিন আল হেলাল জানিয়েছেন, ইউএনও দশমিনার সরকারি নাম্বার ক্লোন করে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের কাছে টাকা দাবি করা হয়েছে। বিষয়টি ভুক্তভোগীরাই আমাকে জানিয়েছেন। প্রতারকের ফাঁদে পড়ে কেউ খোঁজ না নিয়ে কোনো লেনদেন করলে তার নিজ দায়িত্বেই করতে হবে। এজন্য প্রশাসন দায়ী থাকবে না। বিষয়টি নিয়ে আমি ফেসবুকে সতর্ক বার্তা দিয়েছি এবং থানা পুলিশকে জানিয়েছি।
পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা বলেন, বিষয়টি শুনেছি। গত বছরও এরকম হয়েছিল। মানুষ লোভে পড়ে চাইলেই টাকা দিয়ে দিচ্ছে। বিষয়টি নিয়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছি। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
