শিক্ষাবার্তা ডেস্কঃ প্রতিষ্ঠানের নাম মাইকে ডাকতে দেরি হওয়ায় কিশোরগঞ্জে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ না করেই ফুল নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল নিয়ে জড়ো হন। এ সময় সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদন করতে নিয়ম অনুযায়ী একের পর এক বিভিন্ন দফতর, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয় মাইকে। সিরিয়াল অনুযায়ী কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের নাম ঘোষণায় দেরি হওয়ায় শহীদ বেদিতে ফুল না দিয়েই চলে যান প্রধান শিক্ষক।
এ বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক শাহ্ মোহাম্মদ ফজলুল হক বলেন, ‘মাইকে সবার নাম ঘোষণা করলেও আমাদের নাম ঘোষণা করেনি, তাই আমরা ফিরে এসেছি। তবে সকাল বেলা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়েছি।’
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান বলেন, তালিকা অনুযায়ী উপস্থিত প্রত্যেকের নাম ঘোষণা করা হয়েছে। এতে কারও নাম হয়তো আগে পরে আসতে পারে।
এ বিষয়ে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ‘আপনাদের মাধ্যমেই বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি অবগত না করে পুষ্পার্ঘ্য নিয়ে ফেরত যাওয়াটা ঠিক হয়নি। এ বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
