শিক্ষাবার্তা ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীতে আহমেদ হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে ক্ষোভ চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় বীর মুক্তিযোদ্ধা আমেদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ নিজ নামীয় ফেসবুক ওয়ালে অভিযুক্তদের শাস্তি দাবি করে নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের ছবি পোস্ট করেন। ওই মুক্তিযোদ্ধাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন ও তার বাড়িঘর ভাঙচুর চালিয়ে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকারের প্রতিবাদ জানান তিনি।
এ নিয়ে ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলম শওকত বলেন, সন্ধ্যায় ইউপি’র ৪নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনকে বেঁধে নির্যাতনের ঘটনাটি শুনে আমি পুলিশ নিয়ে উপস্থিত হয়েছি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ বলেন, ঘটনাটি শুনছি। ঘটনাস্থলে থানার টিম ও স্থানীয় চেয়ারম্যান উপস্থিত আছেন। তদন্ত করে সার্বিক বিষয় জানা যাবে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। এ নিয়ে আমরা মর্মাহত। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি।
তবে কি কারণে বা কারা এই নির্যাতন চালিয়েছে সেটা এখনও জানা যায়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
