নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানাকে নতুন পথ দেখাচ্ছে। আমি খুব খুশি, আমি গর্ব অনুভব করছি যে আমাদের দেশে এ রকম একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। আমি আশা করি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এই বিদ্যায়তনের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং এগিয়ে যাবে। তখন আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমরা গড়ে তুলব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শন করে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি কোয়ান্টাম কসমো কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রীকে এই স্কুলের সুদক্ষ প্যারেড দল গার্ড অব অনার দেয়। এছাড়াও স্কুলের শিক্ষার্থীরা তার আগমন উপলক্ষে ডিসপ্লে ও ব্যান্ড বাদন প্রদর্শন করে শিক্ষামন্ত্রী ও উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুগ্ধ করে।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই স্কুলের জিমনেশিয়াম পরিদর্শন করেন। এ সময় জিমন্যাস্ট শিক্ষার্থীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। একই দিন ডা. দীপু মনি কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারে অবস্থিত ব্যাম্বোরিয়াম নামক ৩৭ প্রজাতির বাঁশের সংগ্রহশালা পরিদর্শন করেন। এ সময় তিনি একটি বাঁশের চারাও রোপণ করেন।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. মো. নিজামুল করিম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. শফিউল আজম, এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান, চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী গোলাম মাওলা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ মইনুল হাসান, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের ও সহকারী একান্ত সচিব মফিজুর রহমান। এ সময় বান্দরবান ও লামার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সভাপতি অধ্যাপক আমেনা বেগম।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
