মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাগিদ দিয়ে ফের চিঠি

শিক্ষাবার্তা ডেস্কঃ মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে এসে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থান করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেকেই তা মানছেন না।

এ অবস্থায় অফিসে এসে ৪০ মিনিট কক্ষে অবস্থান করার তাগিদ দিয়ে ফের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৭ আগস্ট এবং ২০২১ সালের ১০ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসার পর ৪০ মিনিট কক্ষে অবস্থান করার নির্দেশনার চিঠি পাঠানো হয়েছিল।

আগের নির্দেশনার কথা জানিয়ে নতুন চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া অফিসকক্ষে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের দপ্তরসমূহের কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথাসময়ে অফিস কক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিক যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতি শ্লথ হয়।

এ অবস্থায়, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জনস্বার্থে আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে আসতে বলা হয়েছে। পাশাপাশি ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয় নতুন চিঠিতে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০২/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.