যেকারণে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক।।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি মামলা করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মানহানির জন্য ক্ষতিপূরণ হিসেবে ৫০০ কোটি টাকা দাবি করে তিনি এ মামলা করেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। সংসদ সদস্য গোলাপ জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়ে, বিভিন্ন মিডিয়ায় তার নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন ব্যারিস্টার সুমন। এসব মিথ্যাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এক সপ্তাহ আগে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি নোটিশের বিষয়ে কোনো জবাব দেননি।

আওয়ামী লীগের এ প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ভিডিওর মাধ্যমে আমাকে নিয়ে দেশে-বিদেশে ও দুদকে মিথ্যা অপপ্রচার করেছেন সুমন। এতে সামাজিকভাবে আমার মানহানি হয়েছে। সে কারণে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে তার বিরুদ্ধে মামলা করেছি।

এর আগে গত ২৬ জানুয়ারি দুদকে একটি লিখিত অভিযোগ দেন ব্যারিস্টার সুমন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বা অন্য কোনো দেশে একাধিক বাড়ি কেনার বিষয়ে ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। এ জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.