এইমাত্র পাওয়া

ক্লাসে ফিরছেন ধানমন্ডি আইডিয়ালের শিক্ষকরা

নিউজ ডেস্ক।।

এক সপ্তাহ পরে ক্লাসে ফিরছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষকরা। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও তার সহযোগীদের অপসারণের দাবিতে শিক্ষকরা গত ৬ ফেব্রুয়ারি থেকে ক্লাস পর্যন্ত করে আন্দোলন করছিলেন।

এতে প্রতিষ্ঠানটির সার্বিক একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনে এগিয়ে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। তাদের আশ্বাসেই একাডেমিক কার্যক্রম সচল করার সিদ্ধান্ত নিয়েছে কলেজটির শিক্ষক-কর্মচারীরা৷

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বলা হয়েছে, আইডিয়াল কলেজে ব্যাপক অনিয়ম দুর্নীতির সহযোগী ও চিহ্নিত দুর্নীতিবাজদের রক্ষায় ষড়যন্ত্রকারী গভর্নিং বডির কতিপয় সদস্য ও গভর্নিং বডির প্রভাবশালী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ ও কলেজ গভর্নিং বডি বিলুপ্তির দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ‘একাডেমিক কার্যক্রম বর্জন’ কর্মসূচি গত ৬ ফেব্রুয়ারি থেকে চলমান রয়েছে।

ইতোমধ্যে শিক্ষকদের একটি প্রতিনিধিদল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাত করে কলেজের বর্তমান অবস্থা ও তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন। এছাড়াও শিক্ষকদের আরেকটি প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর সাথে সাক্ষাত করে কলেজের সার্বিক অবস্থা ও বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে বিস্তারিত আলোচনা করেন।

এতে আরও বলা হয়, মেয়র এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ফলপ্রসূ আলোচনার পরে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবির বাস্তবায়ন বিষয়ে তাদের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতির প্রেক্ষিতে আইডিয়াল কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ চলমান ‘একাডেমিক কার্যক্রম বর্জ‘ কর্মসূচি আগামীকাল রোববার থেকে স্থগিত ঘোষণা করেছেন।

কাল কলেজের পূর্ব সময়সূচী অনুযায়ী সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকল প্রকার একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.