বিশ্ববিদ্যালয় শিক্ষিকার গাড়ির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষিকার গাড়ির ধাক্কায় আহত হয়ে মারা গেছে ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার এক স্কুলছাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম উম্মে রুকাইয়া (১১)। তিনি উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুকাইয়া তার সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যায়।

নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ বলেন, ‘স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাজিতিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.