বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া সেই সানজিদা পেল ৪.৭৫

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দেওয়া সেই সানজিদা আক্তার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বুধবার ফলাফল প্রকাশ হলে দেখা যায়- সে ৪.৭৫ পেয়েছে।

তার বাবা শামীম আল মামুন গত ১২ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন। বাবার লাশ বাড়িতে রেখে পরদিন রোববার (১৩ নভেম্বর) এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পর্বের পরীক্ষা দেন তিনি।

সানজিদা আক্তার সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাইমাইল গ্রামের শামীম আল মামুনের মেয়ে। তিনি টাঙ্গাইল শহরের সরকারি কুমুদিনী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি শহরের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

সানজিদা আক্তারের বড় ভাই ইমরান হোসেন বলেন, গত ১৬ সেপ্টেম্বর বাবা শামীম আল মানুন পাকস্থলীর সমস্যা নিয়ে টাঙ্গাইল শহরের একটি ক্লিনিকে চার দিন চিকিৎসা নেন। পরবর্তীতে কিডনিতে সমস্যা দেখা দেওয়ায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১২ নভেম্বর) রাতে বাবা মারা যান।

তিনি আরও বলেন, সকালে বাবার লাশ বাড়িতে আনা হয়। বাবার লাশ রেখেই ছোট বোন এইচএসসি পরীক্ষা দিতে যায়। পরে বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে বাবাকে দাফন করা হয়।

এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বলেন, আমি বাবাকে খুব সম্মান ও ভালোবাসতাম। তাই তার নির্দেশনা মোতাবেক মনোযোগ দিয়ে লেখাপড়া করতাম। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই।

তিনি আরও বলেন, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। সবার সহযোগিতা কামনা করি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.