নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ এইচএসসি পরীক্ষায় ফেল করায় আফরিন আক্তার নামে (১৮) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিজ বাড়িতে আত্মহত্যা করেন আফরিন। বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে আফরিন। সে এবার ডি কে ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
গেদুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুন্জুর হক বলেন, ‘মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিল। তার বাবা বাসায় ছিল না। সে রেজাল্ট শোনার পর বাসায় এসে গলায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। পরে তার ছোট বোন গোসল করে রুমে গিয়ে দেখে সে ছটফট করে। এরপর তাকে নামানোর পর সে মারা যায়।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটি এইচএসসিতে অকৃতকার্য হয়েছে। সে কারণেই হয়তো আত্মহত্যা করেছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
