শিক্ষার্থী পরিচয়ে জাল টাকার কারখানা

নিজস্ব প্রতিবেদক, সাভারঃ ঢাকার সাভারে একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি দল।

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে সাভার পৌরসভার মজিদপুর এলাকার গ্রীনভিউ স্কুলের পার্শ্ববর্তী সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-৪। সেসময় দোতলা ওই বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটে জাল টাকা প্রিন্ট করার সময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

বাড়ির মালিক সাইফুল ইসলাম বলেন, চলতি মাসের ১৪ তারিখ শিক্ষার্থী পরিচয়ে ভাড়া উঠেছিলেন দুই যুবক।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ি জেলার তুহিন ও ঝিনাইদহ জেলার মহিবুল্লাহ।

র‍্যাব জানায়, এসময় আনুমানিক ৪৫ হাজার টাকার সমপরিমাণ ৫০০ টাকার নোট ও টাকা তৈরির বিপুল পরিমাণ কাগজ, ল্যাপটপ ও প্রিন্টারসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

র‍্যাব-৪ সিপিসি ২-এর অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, মহিবুল্লাহ ঝিনাইদহ পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল) শেষ করেছে। সে এই বিষয়ে দক্ষ। তুহিন জাল টাকা ডিস্ট্রিবিউশনের কাজ করে। এই সিন্ডিকেটের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাদের খুঁজে বের করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩১/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.