শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল এক মাসের মধ্যে প্রকাশের রেওয়াজ থাকলেও ১৭তম নিবন্ধনের ক্ষেত্রে সেটি থেকে সরে আসা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রিলির ফল প্রকাশ করার সময় নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের চিন্তাভাবনা করা হয়েছিল। তবে পিএসসি’র মাধ্যমে খাতা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ লাখের বেশি চাকরিপ্রার্থীর খাতা পিএসসি’র নন-ক্যাডার শাখার মাধ্যমে মূল্যায়ন করা হবে।
পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, পরীক্ষার্থীদের ওএমর শিট মূল্যায়নের জন্য তাদের চারটি মেশিন রয়েছে। এই মেশিনগুলো দিয়ে খাতা মূল্যায়ন করতে প্রায় ১৫ দিনের মত সময় প্রয়োজন হবে। ১০ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ফল তৈরি করে তারা এনটিআরসিএ’র কাছে হস্তান্তর করবেন।
এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, পিএসসি’র চারজন কর্মকর্তা ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়ন করবেন। বন্ধের দিনগুলোতেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ওই কর্মকর্তারা। পিএসসি থেকে খাতা দেখার কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে এই নিবন্ধনের ফল প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, পিএসসির মাধ্যমে আমরা ১৭তম নিবন্ধনের খাতা মূল্যায়নের কাজ করছি। ফেব্রুয়ারির মধ্যে আমরা ফল প্রকাশ করতে চাই।
৩০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। ১৭তম নিবন্ধনের ক্ষেত্রে এটি মানা হলো না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা খাতাগুলো ভালোভাবে মূল্যায়ন করতে চাই। পিএসসিতে গিয়ে তাদের সাথে আলোচনা করতে হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠাতে হয়েছে। সেজন্য কিছুটা দেরি হচ্ছে।
প্রসঙ্গত, বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ ৩৪ মাস পর ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ৩০ ডিসেম্বর স্কুল-২ ও স্কুল এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
