এইমাত্র পাওয়া

দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ ৭ স্কুল ছাত্রী

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসে ৭ ছাত্রী অসুস্থ হয়েছে। তবে শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়েও সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ হাসপাতালে দেখতে আসেননি বলে অভিযোগ করেছেন তাদের পরিবার।

 বুধবার দুপুর পৌনে ১টার দিকে স্টেডিয়াম মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১৫শ মিটার দৌড়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এর পরপরই তারা অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- শ্রাবণী (১৫), আমেনা (১৪), আয়েশা (১৩), জেসমিন (১২), লামিয়া (১৩), সামিয়া (১৩) ও স্মৃতি (১৪)। তারা সবাই লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্দেশনায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে দিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করেন- বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহসভাপতি ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি), বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালা্হউদ্দিন টিপু, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন প্রমুখ।

উপস্থিত অতিথিদের সামনেই প্রতিযোগী ছাত্রীরা মাঠে অসুস্থ হয়ে যায়। পরে সেখান থেকে অভিভাবকরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু ৩ ঘণ্টা ধরে শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অ্যাথলেটিক সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ তাদের দেখতে আসেননি।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এএসআই অখিল গোলদার বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এসে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া হয়েছে। বর্তমানে তারা আগের চেয়ে ভালো আছে।’

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, ‘অতিরিক্ত দৌড় প্রতিযোগিতার কারণে অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।’

জানতে চাইলে লক্ষ্মীপুর-২ রায়পুর সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘আমি খেলা উদ্বোধন করে রায়পুরে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বিষয়টি আমার জানা নেই। ইউএনও’র সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.