শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারি অনুদানপ্রাপ্ত (এমপিওভুক্তি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন জেলা প্রশাসকরা (ডিসি)। শিক্ষকতা ছাড়া যেন অন্য কিছু করতে না পারে সে জন্য একটি বিধিমালা তৈরির সুপারিশ করা হয়েছে। একটি বিধিমালা থাকলে শিক্ষার মান বাড়বে বলেও উল্লেখ করা হয়েছে।
আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি ঢাকায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ডিসিরা বিভিন্ন বিষয়ে নয়টি সুপারিশ পাঠিয়েছেন। ডিসি সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হবে।
ঝিনাইদহের ডিসি বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য আচরণবিধি তৈরি করার প্রস্তাব তুলে ধরেছেন।
ভোলার ডিসি নিজ খরচায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারির সুপারিশ করেছেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি ও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস সম্পর্কে সঠিক ইতিহাস জানতে এবং দেশপ্রেম তৈরি এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। ঝালকাঠির ডিসি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের জন্য ২৪ ঘণ্টার একটি চ্যানেল খোলার প্রস্তাব পাঠিয়েছেন।
এর আগে গত বছর ডিসি সম্মেলনে শিক্ষা সংক্রান্ত ১০টি প্রস্তাব এসেছিল। সেগুলোর অধিকাংশ বাস্তবায়িত হয়েছে বলে জানা গেছে। গত বছরের প্রস্তাবের মধ্যে আছে- স্কুল ভর্তিতে বয়স সংশোধন, বিভাগীয় শহরে কারিগরি শিক্ষাবোর্ড, অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ পুনর্গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের সুবিধা নিশ্চিত করা, কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতায় ব্যাংকের মাধ্যমে লেনদেন, ভূমি সংক্রান্ত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণ, উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা কমিটি গঠন, টেক্সটাইল কলেজ স্থাপন, সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়েছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৮/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
