নিজস্ব প্রতিনিধি।।
বিতর্কিত কাশ্মিরসহ অমীমাংসিত বিভিন্ন সমস্যার সমাধানে চিরবৈরী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে আনতে সংযুক্ত আরব আমিরাতের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সোমবার দুবাই-ভিত্তিক আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রস্তাব দিয়েছেন তিনি।
শেহবাজ শরিফ বলেন, ‘ভারতীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার বার্তা হলো, আসুন আমরা টেবিলে বসে কাশ্মিরের মতো আমাদের প্রধান সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ও আন্তরিক আলোচনা করি।’
২০১৯ সালে কাশ্মিরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নেয় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী কাশ্মিরিদের দেওয়া স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছে ভারত। সেখানে স্বায়ত্তশাসনের কোনো আলামত আর অবশিষ্ট নেই। কাশ্মিরে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
তিনি বলেন, ভারতে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন। ভারতকে অবশ্যই এটি বন্ধ করতে হবে। অর্থপূর্ণ আলোচনার জন্য ভারত যে প্রস্তুত সেই বার্তা বিশ্বকে দিতেই এটি বন্ধ করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
