ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়ায় ভর্তি হচ্ছেন আবরারের ভাই

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটো ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজে পড়বেন না। গতকাল মঙ্গলবার ঢাকা কলেজ থেকে ছাড়পত্র গ্রহণের পর কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বে ফায়াজ।

আবরার নিহতের ঘটনায় তার পিতা-মাতা ও ছোটোভাইসহ পরিবারের সদস্যরা চরমভাবে ভেঙ্গে পড়েছে। নানা ভয় ও শঙ্কা আবরারের পরিবারকে তাড়া করে বেড়াচ্ছে। এছাড়া আরবারকে হারানোর পর ফাইয়াজকে তার পরিবার আর ঢাকায় পড়াতে চাচ্ছেন না। এদিকে বড়ো ভাইকে হারিয়ে ফাইয়াজ বড়ো অসহায় ও একা হয়ে পড়েছেন। তার ভাইকে হত্যার পর থেকেই আর ঢাকায় পড়াশুনা করবেন না বলে তিনি আগেই জানিয়েছিলেন।

আবরারের পিতা বরকত উল্লাহ জানান, ছোটো ছেলে আবরার ফাইয়াজের ছাড়পত্র চেয়ে ঢাকা কলেজে আবেদন করা হয়। পরে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ঢাকা শিক্ষা বোর্ডের তড়িত্ পদক্ষেপে দ্রুত ছাড়পত্র দেওয়া হয়। ফাইয়াজ কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বুয়েটের তড়িত্ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র আবরারকে বুয়েট ছাত্রলীগের (বহিষ্কৃত) নেতাকর্মীরা নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.