বিপিএলের সময়সূচি

অনলাইন ডেস্ক।।

নতুন বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। সাত দলের এই আসরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। এই ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়।

ঢাকার পাশাপাশি খেলা হবে চট্টগ্রাম ও সিলেটে। প্রথম দফায় ঢাকা পর্বের খেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ১৩-২০ জানুয়ারি পর্যন্ত চলবে চট্টগ্রামের পালা। সাগর পাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হনে মোট ১২টি ম্যাচ।

এরপর দুই দিন বিরতি দিয়ে ২৩ ও ২৪ জানুয়ারি ঢাকায় খেলা হবে। ২৭-৩১ জানুয়ারি সিলেটে চলবে বিপিএলের ম্যাচ। এরপর ৩ জানুয়ারি থেকে টুর্নামেন্টের বাকি অংশ চলবে ঢাকাতে।

বিপিএলের নবম আসরের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচগুলো হবে ১২ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১৪ ফেব্রুয়ারি। মিরপুর শেরেবাংলায় ফাইনাল অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ১৬ তারিখ।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.