বিশ্ব ভ্রমণ করার জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, সেন্ট্রাল আমেরিকা ও এশিয়ার বেশিরভাগ দেশেই নাজমুন একাই সড়কপথে ভ্রমণ করেছেন। দীর্ঘ ২২ বছরের অভিযাত্রায় নাজমুন অনেক কঠিন-দুর্গম পথ পাড়ি দিয়েছেন। অনেক কঠিন পরিস্থিতিসহ মৃত্যুর মুখোমুখি হয়েছেন বহুবার। তবুও থামেনি তাঁর পদযাত্রা। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও বাংলাদেশের পতাককে নিয়ে যাচ্ছেন তাঁর বিশ্ব অভিযাত্রার সাথে সাথে।বাংলাদেশের পতাকা হাতেই বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, বিখ্যাত ব্যক্তিরা তাকে সংবর্ধিত করেছেন।পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ডসহ দেশ ও বিদেশে ৫০টিরও বেশি সম্মাননা অর্জন করেছেন। নাজমুন নাহার সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তাঁর জন্মস্থান বাংলাদেশের লক্ষ্মীপুর সদরে। নাজমুন নাহারের লক্ষ্য বাংলাদেশের পতাকা নিয়ে তিনি বিশ্বের প্রতিটি দেশে ভ্রমণ করবেন।