সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘নবোদ্যম ফাউন্ডেশন’

 নিউজ ডেস্ক।।

‘মানুষ মানুষের জন্য/জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি/মানুষ পেতে পারে না; ও বন্ধু’ বিখ্যাত সংগীতশিল্পী ভুপেন হাজারিকার এই কালজয়ী গান আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়, মানুষকে ভাবায়। মানুষের চেতনা শানিত করে, জাগিয়ে তোলে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে দুঃসময়ে মানবতার হাত বাড়িয়ে কষ্ট লাঘব করতে কাজ করে যাচ্ছে নবোদ্যম ফাউন্ডেশন। নিজেদের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে, দারিদ্র্য দূর করতে। ‘চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই’ এ স্লোগান মননে ধারণ করে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে ২০১৯ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি।

বাংলাদেশে পথশিশু রয়েছে সাড়ে এগারো লাখ। এরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। সুবিধাবঞ্চিত এই শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করাই নবোদ্যম ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে ফাউন্ডেশনটির সেভ দ্য টুমরো স্কুল। ঢাকা হাইকোর্টের সামনে যেমন স্কুল রয়েছে, তেমনি রয়েছে ভৈরব উপজেলার বেদেপল্লীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাত্রা শুরু করে ‘পদ্ম স্কুল। স্কুলে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সক্রিয়ভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও জেলায় মানসম্মত শিক্ষা অর্জনে কাজ করে যাচ্ছে সেভ দ্য টুমরো স্কুল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ টাঙ্গাইল, সাতক্ষীরা, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় সংগঠনটির স্বেচ্ছাসেবী কার্যক্রম চলমান রয়েছে। সমাজের ছিন্নমূল মানুষ যেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, এজন্য নিয়মিত খাদ্য, নিরাপদ পানি, ঈদের সময়ে ঈদ উপহার, শীতে শীতবস্ত্র বিতরণ সংগঠনটির নিয়মিত কার্যক্রমের অন্তর্ভুক্ত। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষাকল্পে দেশের বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। মুমূর্ষু রোগীর রক্তের চাহিদা মেটাতে কাজ করছে নবোদ্যম ব্লাড ফাইটার্স। রয়েছে নিজস্ব অ্যাপ। বন্যা, ঘূর্ণিঝড় ও করোনা ভাইরাসজনিত মানবিক বিপর্যয়কালেও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। দেশের আটটি বিভাগে দশ সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে সহযোগিতা করা হয়েছে। দুর্গত এলাকায় প্রতিষ্ঠা করেছে স্কুল, নির্মাণ করে দিয়েছে আবাসস্থল, উপহার হিসেবে দিয়েছে নৌকা।

নবোদ্যম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শরীফ ওবায়দুল্লাহ বলেন, দেশব্যাপী অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুর মুখের হাসি ফোটাতে চাই। সবার সর্বাত্মক সহযোগিতা চাই। ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা বদ্ধপরিকর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.