নিউজ ডেস্ক।।
গাজীপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কক্ষ পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের কক্ষ পরিদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব আলাউদ্দিন মিয়া।
তারা জানান, বৃহস্পতিবার এইচএসসি রসায়ন বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা শেষে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনের উত্তরপত্র পাওয়া যায়। সাহাজ উদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের এক পরীক্ষার্থীর উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ওই পরীক্ষার্থীকে বাসা থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে জানান, তিনি উত্তরপত্র পরীক্ষার হলেই জমা দিয়েছেন।
আলাউদ্দিন মিয়া আরও জানান, ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৮০ জন। বৃহস্পতিবার লিখিত পরীক্ষা শেষে গণনা করে একটি উত্তরপত্র কম (৭৭৯টি) পাওয়া যায়। যথা নিয়মে কক্ষ পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা দিয়েই পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেছেন বলেও দাবি করেন ওই পরীক্ষার্থী।
গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ‘উত্তরপত্র খোয়া যাওয়ার ঘটনায় দুই পরিদর্শক আতিউর রহমান ও মনিরা খানমকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিষয়ে শিক্ষাবোর্ড সিদ্ধান্ত নেবে। তবে তাদেরকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ বিষয়টি শিক্ষাবোর্ডকে অবগত করেছেন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
