অনলাইন ডেস্ক।
মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ৫৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার নির্বাচনে পরাজিত হয়েছেন।শনিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিজের আসন থেকে হেরে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টিকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি হিসেবে দেখছেন অনেকে।
রয়টার্স বলছে, মাহাথির মোহাম্মদ ২ দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লংকাউয়ি নির্বাচনী এলাকায় তার সংসদীয় আসনটি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। নির্বাচনে এই আসনে তার অবস্থান চতুর্থ।এই আসনে জয়ী হয়েছেন পেরিকাতান জোটের প্রার্থী মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহ। জোটটির নেতৃত্বে আছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন।
রয়টার্স বলছে, ১৯৬৯ সালের পর এটিই মাহাথিরের প্রথম নির্বাচনে পরাজয়। মাহাথির এমন একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা দুর্নীতির অভিযোগে বর্তমান বারিসান নাসিওনাল সরকারকে উৎখাত করার অঙ্গীকার করেছে। তবে তার জোটকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হয় না।
চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, হেরে গেলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। তিনি বলেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার অভিজ্ঞতা দলের তরুণ নেতাদের কাছে হস্তান্তর করা।
এদিকে শনিবার সকাল থেকেই ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। নির্বাচনী লড়াইয়ে বিভিন্ন কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছেন বিশ্লেষকেরা।
বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছেন। নির্বাচন কমিশন বলেছে, দেশটির ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট গ্রহণ বন্ধ হওয়ার দুই ঘণ্টা আগে বিকেল ৪টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
