নিজস্ব প্রতিবেদক।।
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা।
বুধবার থেকে তাদের কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার শিক্ষক সমিতির জরুরি সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকদের সাধারণ সভার পরামর্শ মোতাবেক অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ না করে রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত নীতিমালা নির্দেশিকাটি হুবহু অনুমোদন দেওয়া হয়েছে।
ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালায় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির বিভিন্ন শর্তের অস্পষ্টতা ও অসামঞ্জস্যতা বিদ্যমান থাকায় এবং অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ না করায় বশেমুরবিপ্রবির শিক্ষকরা নীতিমালাটি প্রত্যাখ্যান করেছে।
এ বিষয়ে দৃশ্যমান সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে শিক্ষক সমিতির সভায় গৃহীত হয়েছে। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে উপাচার্যের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ এনেছেন শিক্ষক সমিতির নেতারা। বিশ্ববিদ্যালয়ের ৫৫ একরের স্বল্প আয়তনে আইসিটি পার্ক স্থাপনে তীব্র আপত্তি রয়েছে তাদের।
নতুন করে জমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি করে ওই স্থানে আইসিটি পার্ক স্থাপন করার দাবি জানাচ্ছেন তারা। উল্লেখ্য, গত আগস্ট মাসে শিক্ষক ও শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইসিটি (হাইটেক) পার্কের কাজ বন্ধ ঘোষণা করা হলেও পরে রিজেন্ট বোর্ডে তা পাশ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
