ময়মনসিংহে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

প্রযুক্তি ও উৎকর্ষতায় অগ্রসর শিক্ষকদের নিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হল শিক্ষক সম্মেলন-২০২২। জেলা শিক্ষা অফিস, ময়মনসিংহের আয়োজনে ও আইসিটি শিক্ষক ফোরাম ও সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার সহ-আয়োজনে ২৯ অক্টোবর (শনিবার) প্রিমিয়ার আইডিয়াল স্কুলের হলরুমে  এ সম্মেলন তিনটি পর্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের ১ম পর্ব উদ্বোধনী পর্বে  মোঃ মিজানুর রহমান, যুগ্ম-সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ, বিশেষ অতিথি মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, জনাব মোহছিনা খাতুন, প্রধান শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুল।

২য় পর্বে ছিল সেমিনার “৪র্থ শিল্প বিপ্লব ও ব্লেন্ডেড লার্ণিং”
এ পর্বে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন প্রফেসর মোঃ আজহারুল হক, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল। মূখ্য আলোচক হিসাবে “৪র্থ শিল্প বিপ্লব” এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন,প্রফেসর মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ, ডিন, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়, ময়মনসিংহ, “ব্লেন্ডেড লার্ণিং” এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জনাব কবীর হোসেন, সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা, এটুআই, বক্তব্য রাখেন, মোঃ শামছুল আলম, প্রধান শিক্ষক, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়।

সমাপনী পর্বে সংবর্ধনা, সনদ ও সার্টিফিকেট বিতরণ আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল, বক্তব্য রাখেন মোঃ চাঁন মিঞা, প্রধান শিক্ষক, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল,মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এ পর্বে মোস্তাফিজুর রহমান ভূঞাকে তার অসামান্য অর্জনের জন্য আইসিটি শিক্ষক ফোরাম ও সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন, ময়মনসিংহের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মেলনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ নেন। সারা জেলার ১৩টি উপজেলার ২৮৫ জন শিক্ষককে সনদ ও সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মেলনের সভাপতি জনাব রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার পার্শ্ববর্তী জেলা সমূহের মধ্য থেকে ৪ জনকে গেস্ট অফ অনার হিসাবে ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য করোনা মহামারীকালীন ময়মনসিংহ জেলার যে সকল শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবার পরও অনলাইন ক্লাস পরিচালনা করে শিক্ষা ব্যবস্থাকে সচল রেখেছেন, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করে মানসিক সাপোর্ট দিয়েছেন, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে মানসম্মত পাঠদানে অবদান রেখেছেন, এটুআই নির্বাচিত শিক্ষক অ্যাম্বাসেডর, জেলা আইসিটি শিক্ষক ফোরাম ও সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন, ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে করোনাকালীন সময়ে আইসিটি টুলস ব্যবহার বিষয়ক বিভিন্ন ট্রেনিং সম্পন্ন করে জাতি গঠনে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদান রেখেছেন সেই সকল সম্মানিত শিক্ষককে জেলা শিক্ষা অফিস, ময়মনসিংহ সম্মানিত করার বিশেষ উদ্যোগ হিসাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.