নিউজ ডেস্ক।।
দেশের সরকারি মাধ্যমিক স্কুলে এক হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষক নিয়োগের লক্ষ্যে শূন্য পদের তালিকা তৈরি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা অধিদফতর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পর্ব শেষে তা সরকারি কর্মকমিশনে (পিএসসি) পাঠানো হবে। পিএসসি এসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
অধিদফতর সূত্রে জানা গেছে, মোট এক হাজার ৯৯টি শূন্য পদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মোট ১২টি বিষয়ে শিক্ষক নিয়োগের চাহিদা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, ধর্ম, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভূগোল, চারুকলা, শারীরিক শিক্ষা ও কৃষি শিক্ষা।
এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন শেষে চাহিদা পিএসসিতে পাঠানো হবে।
এ দিকে মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের শূন্য পদের চাহিদা পাওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখার কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলছেন, শিক্ষক নিয়োগের চাহিদা প্রয়োজনীয় প্রশাসনিক কাজ শেষে পিএসসিতে পাঠানো হবে। এরপর পিএসসি বিজ্ঞপ্তি জারি করবে।
প্রসঙ্গত, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদ দ্বিতীয় গ্রেডের পদমর্যাদা হওয়ায় এ নিয়োগ পরীক্ষা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আয়োজন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
