গবেষণা না থাকলে জাতি পিছিয়ে পড়বে

নিউজ ডেস্ক।।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরো বেশি মনোনিবেশ করতে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা না থাকলে উন্নত বিশ্ব থেকে জাতি অনেক পিছিয়ে পড়বে। গতকাল টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, মহসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছারসহ কার্যনিবাহী কমিটির সদস্য এবং সংগঠনের আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।

মোজাম্মেল হক আরো বলেন, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ইতিহাসের অংশ নয়, ইতিহাস সৃষ্টি করে। এক সময় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক হিসেবে কাজ করত, ক্রান্তিকালে জাতিকে নির্দেশিত করত। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরানো সব আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছে।

তিনি নিজেকে একজন সাবেক শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনে গর্ববোধ করেন। বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব সমুন্নত রাখতে সচেষ্ট থাকতে তিনি অনুরোধ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.