নিজস্ব প্রতিবেদক।।
নওগাঁর রাণীনগরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়সহ নানা অপরাধে দাখিল পরীক্ষাকেন্দ্র সচিব ও হল সুপারসহ ১২ শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরীক্ষা চলাকালে সব দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সদরের রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব শরিফ উদ্দীন মাজহারী ও হল সুপার বেলাল হোসেনকে এবং ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক ১০ শিক্ষককে এ জরিমানা ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে সদরের আল-আমিন দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যথাযথভাবে দায়িত্ব পালন না করাসহ নানান অভিযোগ ওঠে।
এর পর দুপুরে আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে সত্যতা পাওয়ায় ওই মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শরিফ উদ্দীন মাজহারীকে ৫ হাজার টাকা, হল সুপার পারইল ইসলামি দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেনকে ৫ হাজার টাকা এবং কক্ষ পরিদর্শক ১০ শিক্ষককে ৩ হাজার টাকা করে ৩০ হাজার টাকাসহ ১২ শিক্ষককে ৪০ হাজার জরিমানা করা হয়। একই সঙ্গে পরীক্ষার সব দায়িত্ব থেকে কেন্দ্র সচিব ও হল সুপার এবং কক্ষ পরিদর্শক ১০ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
