এইমাত্র পাওয়া

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মানিক

নিজস্ব প্রতিবেদক।।

এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন মানিক রহমান (১৬)। জন্ম থেকেই দুই হাত নেই তার। তবে দমে যাননি। পা দিয়ে লিখেই এবার পরীক্ষায় অংশগ্রহণ করছেন তিনি। মানিক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।

খোঁজ নিয়ে জানা যায়, পা দিয়ে লিখেই জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি। এবছর ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি।

মানিক রহমান বলেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমি লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।

তার মা মরিয়ম বেগম জানান, আমার ছেলে জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। সব ধরনের সহযোগিতা করছি আমরা। লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার।

বাবা ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার অভ্যাস তৈরি করি। সুস্থ মানুষের চেয়ে যখন রেজাল্ট ভালো করে নিজের কাছে গর্ব লাগে।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের (পাইলট) কেন্দ্রের সুপার মো. মশিউর রহমান জানান, মানিক ছাত্র হিসেবে খুবই ভালো।সে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। তার পায়ের লেখা দেখে কারও বোঝার উপায় নেই সে প্রতিবন্ধী। তার জন্য দোয়া থাকবে।

জেলা শিক্ষা অফিস জানান, জেলার ৯ উপজেলায় ৫৭টি কেন্দ্রে ২৭ হাজার ১৫১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে ৩৪টি কেন্দ্রে ১৮ হাজার ৮৩৯ জন, ভোকেশনালে ১১টি কেন্দ্রে ২ হাজার ৭৫৭ জন ও মাদরাসায় ১২টি কেন্দ্রে ৫ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.