পৃথিবীতে অশিক্ষিত কেউ নেইঃ ড. সিদ্দিকুর রহমান

পৃথিবীতে অশিক্ষিত কেউ নেই। আমরা যাদের অশিক্ষিত বলি তারাও শিক্ষিত, কিন্তু অনানুষ্ঠানিকভাবে’- একথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২ উপলক্ষ্যে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ড. মোহাম্মদ সাদত আলী কনফারেন্স রুমে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কো কারিকুলার অ্যাক্টিভিটিস কমিটি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা সকাল ৯টা ১৫ মিনিটে এক শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়।

আলোচনা সভায় সন্ত্রাসবাদ রোধে শিক্ষার গুরুত্ব সম্পর্কে ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘নিরক্ষর জনগোষ্ঠীকে অনানুষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে পারলে কমবে সন্ত্রাস। কারণ   অলস সময়ই কুচিন্তার জন্ম দেয়। অনানুষ্ঠানিক শিক্ষার পেছনে যে সময়টা ব্যয়িত হবে, মূলত সেই অবসর সময়টাতে সন্ত্রাসবাদী কাজে লিপ্ত হওয়ার। একজন অবসর সময় কাটানো মানুষ যদি সেমিনার, শিক্ষা বিষয়ক কর্মশালায় যোগ দেয়, তাহলে স্থায়ী সাক্ষর মানুষ তৈরি হবে। যে হবে একজন দক্ষ মানবসম্পদ। ’

এছাড়াও কারিগরি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তিনি প্রাথমিক শিক্ষার পরপরই বৃহৎ পরিসরে এর প্রসার ঘটানোর আহ্বান জানান নীতিনির্ধারকদের প্রতি।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘দেশে শতভাগ সাক্ষরতা অর্জনের জন্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটকে এগিয়ে আসতে হবে। আরও গবেষণা হওয়া দরকার। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শতভাগ সাক্ষরতা অর্জনের বিকল্প নেই।’

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আব্দুল হালিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.