স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপের ১৫তম আসরের নবম ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত-শ্রীলংকা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে।
এই ম্যাচটি ভারতের জন্য বাঁচা-মরার লড়াইয়ের মতোই। কারণ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত ভারত।
অন্যদিকে শ্রীলংকা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পথে এক পা দিয়ে রেখেছে।
অতীত পরিসংখ্যানে শ্রীলংকার চেয়ে কয়েকধাপ এগিয়ে ভারত।
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে ২৫ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। অতীতের সেই সাক্ষাতে ভারত একক আধিপত্য বিস্তার করে ১৭ ম্যাচে জয় লাভ করে। আর শ্রীলংকা জয় পায় মাত্র ৭ ম্যাচে। একটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি।
দল এবং শক্তিমত্তার দিক দিয়েও শ্রীলংকার চেয়ে এগিয়ে ভারত। তাদের রয়েছে রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার মতো পরীক্ষিত ব্যাটসম্যান। আর বোলিংয়ে রয়েছেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহালরা।
সেই দিকে বিবেচনা করলে শ্রীলংকা দলে ভারতের মতো তেমন কোনো অভিজ্ঞ ক্রিকেটার নেই। তারুণ্যনির্ভর লংকান দলে রয়েছেন দিনেশ চান্দিমাল, কুশাল মেন্ডিস, অধিনায়ক দাসুন শানাকা ও ধনঞ্জয়া ডি সিলভা। তবে চান্দিমাল ও ডি সিলভা দলে থাকলেও চলতি এশিয়া কাপে গত তিন ম্যাচে মাঠে নামায়নি লংকান টিম ম্যানেজমেন্ট।
সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে ভারত। গত ১০টি টি-টোয়েন্টি ম্যাচে ভারত জয় পায় ৭টিতে। আর শ্রীলংকা নিজেদের খেলা সবশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পায় হারে ৬টিতে।
তবে অনেক সময় এই পরিসংখ্যান কোনো কাজেই আসে না। নির্দিষ্ট দিনের খেলায় যারা নিজেদের সর্বোচ্চ উজার করে দিতে পারে জয় তাদেরই ধরা দেয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
