নিউজ ডেস্ক।।
শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার ও টিকটক ভিডিও ধারণে শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা দিয়েছে টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজে কর্তৃপক্ষ। এছাড়া কলেজের নির্ধারিত পোশাক পরে আসার জন্যও বলা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (৪ সেপ্টেম্বর) এমন নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা বলা হয়েছে, ইবরাহীম খাঁ সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের কলেজ চলাকালীন সময়ে ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার এবং কলেজের নির্ধারিত পোশাক না পড়ে আসা (একাদশ ও দ্বাদশ শেণির শিক্ষার্থীরা) শৃঙ্খলা পরিপন্থী কাজ। শিক্ষার্থীদের এসব শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হলো।
অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার বলেন, ‘কলেজে এসে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল ফোন ব্যবহার, টিকটক ভিডিও ধারণ ও ফেসবুকে আসক্ত থাকে। এছাড়া কলেজের নির্ধারিত পোশাক পরে আসে না। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এসবে বেশি জড়িত থাকে। এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন ও লেখাপড়ার ক্ষতি হয়। এ কারণে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
