নিউজ ডেস্ক।।
রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা (১৫) হত্যা মামলায় আসামি ওবায়দুল খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই রায় ঘোষণা করেন।
এর আগে গত ১১ সেপ্টেম্বর আসামির উপস্থিততে রায় ঘোষণার জন্য ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। কিন্তু ওই দিন আসামি ওবায়দুল হককে কারাগার থেকে আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। এজন্য আদালত রায় ঘোষণার পিছিয়ে ১০ অক্টোবর নির্ধারণ করেন।
২০১৬ সালের ২৪ আগস্ট দুপুর পৌনে ১২টার দিকে রিশাকে ছুরিকাঘাত করেন ওবায়দুল খান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট রিশার মৃত্যু হয়। এ ঘটনায় রিশার মা তানিয়া হোসনে বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রিশাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি দেন একমাত্র আসামি ওবায়দুল খান।
ওবায়দুল রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিংমলের বৈশাখী টেইলারসের কর্মচারী ছিলেন। ২০১৬ সালের শুরুর দিকে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলারসের একটি পোশাক বানাতে দেয় রিশা। এরপর থেকে ওবায়দুল রিশাকে ফোনে উত্ত্যক্ত করতেন। পরে ফোন নম্বরটি বন্ধ করে দিলে ওবায়দুল স্কুলে যাওয়ার পথে রিশাকে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় রিশাকে ছুরিকাঘাত করেন তিনি।
রিশা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বলেন- আজ রিশার ঘাতকের ফাঁসির আদেশে আমরা এতটুকু হলেও স্বস্তি বোধ করছি। রিশা কোনদিনই আমাদের মাঝে আর ফিরে আসবে না। আমি তাঁর পরিবারের প্রতি উইল্স এর গভর্নিং বডির পক্ষ থেকে তথা উইল্স পরিবারের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি এবং রিশার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমরা সবাই সজাগ থাকব যেন আর কোন রিশাকে এভাবে ঘাতকের হাতে নির্মমভাবে প্রাণ দিতে না হয়। কোনো মায়ের কোল যেন আর খালি না হয়।পরিশেষে মহামান্য আদালত ও আইন প্রয়োগকারী সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন এই রায় যেন দ্রুত বাস্তবায়ন হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
