সাকিবদের সঙ্গে বিজয়-তাসকিন যেতে পারলেন না কেন?

নিজস্ব প্রতিবেদক।।

২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ খেলতে মঙ্গলবার (২৩ আগস্ট) দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ খেলতে বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন তারা। তবে ভিসা জটিলতায় তাদের সঙ্গী হতে পারেননি দুই অভিজ্ঞ ক্রিকেটার তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়।

বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন আর এনামুলের ভিসা আসতে দেরি হওয়ায় তাদের যাত্রা একদিন পেছানো হয়েছে। তবে আজ বুধবার তাদের দুজনকেই পাঠানো হবে। অন্যদিকে হঠাৎ করেই এশিয়া কাপের দলে ডাক পাওয়া নাঈম শেষ আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতে আছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষে ফেরার পথে তিনি সেখানে থেকে যান।

এশিয়া কাপের জন্য শুরুতে ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু পরে ওই দলে যোগ করা হয় উদ্বোধনী ব্যাটার নাঈম শেখকে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার পর তাকে নেওয়ার সিদ্ধান্ত হয়। নাঈম দলে ঢুকলেও ঘোষিত ১৭ সদস্যের দল থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান। শনিবার অনুশীলনে গোড়ালিতে চোট পান হাসান, আর সোহানের বাঁ হাতের তর্জনীতে অস্ত্রোপাচারের পর এখনও পুরোপুরি সেরে উঠেননি।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.