রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীন বিএসসি ইন বেসিক নার্সিং, বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং ও পাবলিক হেলথ নার্সিং কোর্সের নীতিমালা সংশোধনসহ নয় দফা দাবিনামা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি ও প্রাইভেট নার্সিং কলেজের প্রতিনিধিরা। সম্প্রতি নয় দফা সংবলিত এ দাবি রামেবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দাখিল করা হয়েছে। এতে রামেবির অধীন নার্সিং ও পাবলিক হেলথ কোর্সের বিরাজমান ভয়াবহ সেশনজটসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানের দাবি জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, রামেবির অধীন অন্যান্য কোর্সের সঙ্গে নার্সিং কোর্সগুলোর বৈষম্য দূর করা, সেশনজট নিরসন করে দ্রুত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করা দরকার। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীন একই কোর্সগুলোর শিক্ষার্থীরা চার বছরের কোর্স শেষ করে কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে রামেবির অধীন একই বর্ষের শিক্ষার্থীরা এখনো তৃতীয় বর্ষ উত্তীর্ণ হতে পারেননি। রামেবির অধীন এমবিবিএস শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠে গেলেও নার্সিং কোর্সের একই বর্ষের শিক্ষার্থীরা প্রথমবর্ষই শেষ করতে পারেনি।
এদিকে ২০১৬ সালে প্রতিষ্ঠা হলেও রামেবিতে নার্সিং কোর্স সংক্রান্ত কোনো অধ্যাদেশ এখনো প্রণীত হয়নি। নার্সিং প্রতিনিধিত্বের সমন্বয়ে একটি সময়োপযোগী অধ্যাদেশ প্রণয়নের দাবি জানানো হয়েছে দাবিনামায়। রামেবিতে একটি স্বাধীন ও স্বতন্ত্র নার্সিং অনুষদ গঠনের পাশাপাশি সব পরীক্ষার জন্য স্বতন্ত্র পরীক্ষা কমিটিও গঠন করার দাবি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
