এইমাত্র পাওয়া

মন্দির থেকে অমিত গ্রেফতার

শিক্ষাবার্তা ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যা মামলায় বুয়েটের ছাত্রলীগ নেতা অমিত সাহাকে রাজধানীর শাহজাহানপুর কালিমন্দির থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর শাহজাহানপুর কালিমন্দির থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বিষয়টি জানিয়েছেন।

বুয়েটের শেরেবাংলা হলের যে ২০১১ নম্বর কক্ষে গত রোববার রাতে কয়েক ঘণ্টা ধরে নির্যাতিন চালিয়ে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়, সেই কক্ষেরই আবাসিক ছাত্র অমিত।

সেদিন আবরারকে ওই কক্ষে ডেকে নেওয়ার আগে অমিত মেসেঞ্জারে আবরারের খোঁজ করেন তার এক সহপাঠীর কাছে, যার স্ক্রিনশট পরে ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

সোমবার দিনভর বুয়েটে তদন্ত চালিয়ে ভিডিও ফুটেজ দেখে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ, পরে গ্রেপ্তার করা হয় আরও তিনজনকে।

ওই ১৩ জনসহ মোট ১৯ জনকে আসামি করে ঢাকার চকবাজার থানায় একটি মামলা করেন আবরারের বাবা, যেখানে অমিতের নাম না থাকা নিয়ে প্রশ্ন তোলে বুয়েট শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রশ্ন করলে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা দুদিন আগে বলেছিলেন, অমিত সাহা গত ২ অক্টোবর দেশের বাড়ি গেছে বলে তারা জানতে পেরেছেন।

অন্যদিকে আবরার হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, আবরার হত্যার পর থেকেই অমিত সাহা পলাতক। ‘উদ্দেশ্যমূলকভাবে’ তার নাম মামলার এজাহারে রাখেনি পুলিশ।

বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরাই যে ফেইসবুকে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে, তা সংগঠনটির তদন্তেও উঠে এসেছে। ওই ঘটনায় বুয়েট ছাত্রলীগের ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।তবে সেখানেও অমিতের নাম নেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.