নিউজ ডেস্ক।।
বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করার ঘটনায় জেলা পুলিশের আরো পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে তাদের প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
এর আগে একই ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। পরে নিরপেক্ষ তদন্তের স্বার্থে অপর এক আদেশে মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক জানান, বরগুনা সদর থানার এএসআই সাগর, পুলিশ লাইনসের কনস্টেবল রাফিউল ও ডিবি পুলিশের কনস্টেবল কে এম সানিকে প্রত্যাহার করে ভোলা জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশের এএসআই ইসমাইল ও ডিবি পুলিশের কনস্টেবল রুহুল আমিনকে প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছলে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ছাত্রলীগের সংঘর্ষ থামাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সোমবার রাতে বরগুনা জেলা পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে বরগুনা জেলা পুলিশ।
কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল হোসেন, পুলিশ পরিদর্শক (পাবলিক রিলেশন অফিসার) শাহাবুদ্দীন খান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
