এইমাত্র পাওয়া

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

নিউজ ডেস্ক।।

ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। চার দিনের সফরে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় তিনি ঢাকায় এসেছেন।

জানা যায়, এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন। রোববার (৭ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, মিশেল জে সিসন ২ থেকে ১০ আগস্ট বাংলাদেশ, ভারত ও কুয়েত সফর করবেন। সফরকালে তিনি এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করবেন।

আলোচ্যসূচিতে রয়েছে, খাদ্য নিরাপত্তা, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা, শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.