স্পোর্টস ডেস্ক।।
গত ১৩ মাসে চার বার। হ্যাঁ চার বার ৪০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতে উঠেন সিডনি ম্যাকলাফলিন। বিশ্ব রেকর্ড গড়াই যেন তার নেশা। গত জুনেই ৫১.৪১ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ডটি মাসখানেকও টিকতে দিলেন না। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এসে নতুন করে আবারও বিশ্ব রেকর্ডের মুকুট মাথায় পড়লেন যুক্তরাষ্ট্রের এই নারী অ্যাথলেট।
ফিনিশিং লাইন অতিক্রম করতে সময় নেন কেবল ৫০.৬৮ সেকেন্ড। আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ০.৭৩ সেকেন্ড কম বিশ্ব অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতলেন ২২ বছর বয়সি এই অ্যাথলেটের এটাই প্রথম স্বর্ণ। দৌড় শেষের পর ‘বিশ্ব রেকর্ড আমার প্রিয় খাদ্য’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তাকে অভিনন্দন জানায় চ্যাম্পিয়নশিপের মাসকট। বিশ্ব রেকর্ড ভাঙায় ১ লাখ ইউএস ডলারের (৯৪ লাখ টাকা) চেকও উপহার পান তিনি, ‘অবিশ্বাস্য লাগছে। আমি কেবল শুধু জোরে দৌড়াতে চেয়েছি। অনুশীলনে যা করেছি, তার সবটুকু ঢেলে দিয়ে বাকিটা শরীরের ওপর ছেড়ে দিয়েছি। আমার কোচ বলেছেন, এখনো উন্নতির জায়গা আছে। নিশ্চিতভাবে আকাশই আমার সীমানা।’
সিডনি কতটা দ্রুত ছিলেন তা বোঝা যায় বাকি অ্যাথলেটদের দিকে তাকালেই। তার থেকে ১.৫৯ সেকেন্ড সময় বেশি নিয়ে রৌপ্য জিতেন নেদারল্যান্ডসের ফেমকি বোল। ৫৩.১৩ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পান গত বারের চ্যাম্পিয়ন দালিলাহ মুহাম্মাদ। গত বছর দালিলাহর রেকর্ড ভেঙেই ৪০০ মিটার হার্ডলসে প্রথম বার বিশ্ব রেকর্ড গড়েন সিডনি। এরপর টোকিও অলিম্পিকে নতুন বিশ্ব রেকর্ড ভেঙে সোনার পদক গলায় ঝোলান এই অ্যাথলেট। তার পরিবারের সবাই দৌড়বিদ।
এদিকে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে ৪৬.২৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ব্রাজিলের অ্যালিসন ডস সান্তোস। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইতিহাসে যা সেরা টাইমিং।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
