বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে হাবিপ্রবিতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশ রেলওয়ে বিভাগের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে কয়েক দফা দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা।

অবস্থান কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী পাইরোজ, রাঙা, সম্রাট, আরাফ, সোহেল, হাসান সহ অন্যান্য শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো, টিকেট ক্রয়ের ক্ষেত্রে সহজ.কম কর্তৃক অ্যাপ এবং ওয়েবসাইট অকার্যকারিতা ও বিলম্বের মাধ্যমে যাত্রী হয়রানি রোধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ ও মান উন্নয়ন, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে টিকেট কালোবাজারি প্রতিরোধ, অনলাইন কোটায় টিকেট ব্লক বা বুক করা বন্ধ করে অনলাইন ও অফলাইনে টিকেট ক্রয়ে সকল প্রকার সুযোগ -সুবিধা প্রদান, যাত্রী চাহিদার সাথে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, ট্রেনের সকল কর্মকাণ্ডের মনিটরিং এবং শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি অন্যতম।

অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি, রেলওয়ে বিভাগের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি হয়ে আসছে তা এখন সহ্যের বাইরে। যাত্রী হয়রানি বন্ধ করে দ্রুত মনিটরিং ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানাচ্ছি।’

হাবিপ্রবিতে অধিকাংশ শিক্ষার্থী দিনাজপুরের বাইরের হওয়ায় ছুটিতে বাড়ি থেকে ক্যাম্পাস যাতায়াতের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলো রেল। ঢাকা, খুলনা, রাজশাহী থেকে আগত শিক্ষার্থীরা প্রতিনিয়তই এই রেল অব্যবস্থাপনার ভুক্তভোগী হয়ে আসছে। ঢাকা থেকে আগত শিক্ষার্থীদের অভিযোগ প্রায় সবসময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ট্রেন গুলো কয়েক ঘণ্টা বিলম্ব করে এতে হয়রানির শিকার হয় শিক্ষার্থীরা এ ছাড়াও দিনাজপুর থেকে ঢাকার রেল টিকেট না পাওয়া নিয়েও অভিযোগ রয়েছে তাদের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.