হজ শেষে দেশে ফিরলেন ১৮৭৮৪ হাজি

নিউজ ডেস্ক।।

সৌদি আরবে পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ জন হাজি।

এদিকে সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় ১ জন মারা যান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৫১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ২৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.