এইমাত্র পাওয়া

নোবেল পুরস্কার ঘোষণা শুরু : চিকিৎসা ক্ষেত্রে পেল যৌথভাবে তিন জন

তানজিদ শুভ্রঃ চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে সোমবার থেকে। প্রথমেই ঘোষণা করা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে নোবেল প্রাপ্তদের নাম। যৌথভাবে তিনজন সম্মানজনক এ পুরস্কারটি পেয়েছেন। এরা হলেন- উইলিয়াম জি কেইলিন জুনিয়র, স্যার পিটার জে র‍্যাটক্লিফ এবং গ্রেগ এল স্যামেনজা।

সোমবার (৭ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০১৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী এই তিনজনের নাম ঘোষণা করে। নোবেল প্রাইজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া এক টুইটে জানানো হয়, শরীরের কোষগুলো অক্সিজেনের সহজলভ্যতার বিষয়টি কীভাবে গ্রহণ করে এবং খাপ খায় তা নিয়ে গবেষণার জন্যই তিনজনকে যৌথভাবে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

গতবছর মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজো চিকিৎসা বিজ্ঞানের নোবেল পান।

নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যায়, বুধবার (৯ অক্টোবর) বিকাল পৌনে চারটায় রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল পাঁচটায় দ্য রয়াল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং সর্বশেষ শুক্রবার (১১ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ১০ অক্টোবর ২০১৮ ও ২০১৯ উভয় সালের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম এক সঙ্গে ঘোষণা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.