এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজ: পথ চলার গৌরবময় ২২ বছর

নাজমুল হুদা ।।

উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন কলেজের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সুন্দরবনের কোল ঘেঁষা বৃক্ষরাজি শোভিত, অপরূপ সৌন্দর্যমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম ‘শেখ হেলাল উদ্দীন কলেজ’। বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব স্বপন দাশ কর্তৃক ২০০০ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২২ বছরের পথচলায় সাক্ষী হয়েছে অনেক ইতিহাসের। অত্র এলাকার অনেক মেধাবী সন্তান ধন্য হয়েছেন এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী হয়ে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার সকাল থেকেই শিক্ষক, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীর পদচারণায় মুখরিত ছিল কলেজ ক্যাম্পাস।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শুরুতেই সম্মানিত অতিথিবৃন্দ কলেজের দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সভাপতি জনাব স্বপন দাশ ও ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মনোয়ার হোসেন।

সকাল ১০.০০ ঘটিকায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে উদ্বোধনী সংগীতের মাধ্যমে আলোচনা সভার শুভ সূচনা করা হয়।

সহকারী অধ্যাপক সালমা খাতুনের সঞ্চালনায় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, ফকিরহাট উপজেলা উন্নয়নের রূপকার জনাব স্বপন দাশের সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, ফকিরহাট, বাগেরহাট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সিদ্দিক আলী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব বটু গোপাল দাস। এরপর অধ্যক্ষ মহোদয় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ‘ফিরে দেখা ২২ বছর-ফটোগ্রাফি ডকুমেন্টেশন’ উপস্থিত সবার মাঝে তুলে ধরেন।

প্রধান অতিথি জনাব মোঃ মনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, এটি হচ্ছে এমন এক নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান যা দেখে সবার মন ভরে যায়। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, শিক্ষার প্রসারে শেখ হেলাল উদ্দীন কলেজের ভূমিকা অনন্য এবং এইভাবে আগামীতে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে কলেজটি।

সভাপতি জনাব স্বপন দাশ তাঁর বক্তব্যের শুরুতে কলেজের প্রতিষ্ঠার সাথে জড়িত সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি তাঁর মূল্যবান বক্তব্যে মান-সম্মত শিক্ষার প্রসারে সংশ্লিষ্টদের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং বক্তব্যের শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হেলাল উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জননেতা শেখ হেলাল উদ্দীন, মাননীয় সংসদ সদস্য প্রতিষ্ঠাবার্ষিকীকে মুঠোফোনের মাধ্যমে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

এছাড়াও আলোচনা সভায় সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সংক্ষিপ্ত আলোচনা করেন।

অতিথিবৃন্দের মধ্যে আলোচনা করেন শেখ মোঃ ওবায়দুল্লাহ (চেয়ারম্যান, ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ), মল্লিক আবুল কালাম আজাদ (সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামিলীগ), জনাব দেবদুলাল বসু (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়), মোঃ ফারুকুল ইসলাম (চেয়ারম্যান, শুভদিয়া ইউনিয়ন পরিষদ), মোঃ ইউনুস আলী (চেয়ারম্যান, বেতাগা ইউনিয়ন পরিষদ), জনাব নবকুমার চক্রবর্তী (জিবি সদস্য)।

উক্ত সভায় স্বরোচিত কবিতা আবৃত্তি করেন- প্রভাষক শেখ মোঃ আমিনুল হক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), প্রভাষক মাহবুবা ফেরদৌসী (যুক্তিবিদ্যা) এবং প্রভাষক নাজমা খানম (সমাজকর্ম)।

সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন- প্রভাষক চন্দ্রশেখর অধিকারী, প্রভাষক অঞ্জু বিশ্বাস এবং সহকারী অধ্যাপক উৎপল কুমার দাস।
ছাত্র-ছাত্রীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন রাহুল অধিকারী, তৃষা দাস সহ আরো অনেকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.