এইমাত্র পাওয়া

ডেঙ্গু আক্রান্ত আরও ২২ জন হাসপাতালে

নিউজ ডেস্ক।।

মশাবাহিত জ্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের আরও ২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯ জন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরের। তাদের নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ১১১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হলেন।

শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট রোগীদের মধ্যে ১১৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে নয়জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ৯৯২ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

গত কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.