নিউজ ডেস্ক।।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের দুই নেতার অবমাননাকর মন্তব্যকে সমর্থন জানিয়ে সমাবেশ ও সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করায় চার নেপালি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।
মালয়েশিয়ার গণমাধ্যম বারনামার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মেরু ও ক্লাং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়া পুলিশের তদন্ত বিভাগের (বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) পরিচালক জলিল হাসান বলেন, ক্লাং উত্তরা জেলা পুলিশ সদর দপ্তরে সহযোগিতায় কেন্দ্রীয় পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত দলের কর্মকর্তারা ওই সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করেন।
সন্দেহভাজন ব্যক্তিদের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। ভিডিও রেকর্ড ও আপলোডের জন্য ব্যবহৃত হয়েছে সন্দেহে কিছু গ্যাজেটও জব্দ করেছে পুলিশ।
জলিল হাসান বলেন, পলাতক অন্য সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান শনাক্তের প্রচেষ্টা চলছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেন তারা তদন্তে সহযোগিতা করতে এগিয়ে আসেন।
তিনি আরও বলেন, উসকানির উদ্দেশ্যে ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ আইনের ধারার মামলার তদন্ত চলছে। এ ছাড়া জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী বক্তব্য দেয়ার জন্য পেনাল কোডের ধারা এবং নেটওয়ার্ক সুবিধার অযথার্থ ব্যবহারের জন্য কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া ধারার আওতায়ও তদন্ত চলছে।
১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, হিন্দু সমাচার ও নূপুর শর্মার সমর্থনে বাতু কেইভস মন্দির এলাকায় এক দল বিদেশি নাগরিক জড়ো হয়েছেন। এ নূপুর শর্মাই মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করেছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
