শাবি শিক্ষার্থীদের উদ্ধার করতে নেমেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক।।

টানা ভারি বর্ষণে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্লাবিত হওয়ায় হল ছাড়ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে কাজ করছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ জুন) দুপুর থেকেই শিক্ষার্থীদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কাজ করছেন বিজিবি সদস্যরা।
এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসে বিরাজ করছে কোমর পানি। দুটি ছাত্রী হলে বৃহস্পতিবার থেকেই পানি উঠেছে। সকাল থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। সকাল থেকেই নিরাপদ পানির সংকটে পড়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সিন্ডিকেট সভায় আগামী ২৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্ভূত বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্ধার কাজে নিয়োজিত এক বিজিবি কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা যতক্ষণ আছেন ততক্ষণ তাদের সহযোগিতায় কাজ করে যাব আমরা। তাদের যে কোনো সহায়তায় আমরা তাদের পাশে থাকব।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সিলেট কদমতলী বাসস্ট্যান্ড পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয়ে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা থাকবে ততক্ষণ আমরা তাদের নিরাপদে রাখতে কাজ করে যাব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.