নিউজ ডেস্ক।।
কুষ্টিয়ায় কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাসের (৫২) ডান হাতের কবজি বিচ্ছিন্ন ও হত্যাচেষ্টা মামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের সলেমানের ছেলে মোশারফ হোসেন মশা (২৬), মোকাদ্দেস হোসেনের ছেলে নাজিম উদ্দিন (২৭), আব্দুল খালেকের ছেলে সামাদ (২৭), আইয়ুব আলীর ছেলে মুহাইমেন হোসেন (২৭), সামেদ আলীর ছেলে হালিম (৪০), আব্দুল খালেকের ছেলে পলাশ (২৩) ও গোপাল শেখের ছেলে মুকুল (৪২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১২ কুষ্টিয়া সিপিসি-১ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেন কুমারখালী বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে। দীর্ঘ দিন ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন।
এর আগে ৩১ মে দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন সেতুর ওপর প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে কলেজশিক্ষকের কবজি বিচ্ছিন্ন হয়। এছাড়া এলোপাতাড়ি কোপে শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।
এ ঘটনায় ১ জুন কুষ্টিয়া মডেল থানায় আহত কলেজশিক্ষকের ছেলে নাজমুস সাকিব বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
