ধানমন্ডি আইডিয়ালে শিক্ষকদের ক্লাস বর্জন, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক।।

নানা অনিয়ময়ের অভিযোগে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাসসহ একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শিক্ষকদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছেন শিক্ষার্থীরাও। তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতর বিক্ষোভ ও মিছিল করেছেন ক্যাম্পাসে। শনিবার (৪ জুন) কলেজ ক্যাম্পাসের ভেতরে এসব কর্মসূচি চলতে দেখা গেছে।

এর আগে, শুক্রবার (৩ জুন) ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএচডি, আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষকরা। সংবাদ সম্মেলনে তাকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক জাহাঙ্গীর হাসান বলেন, ‘অধ্যক্ষসহ মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী, গণিত বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে আমরা সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। শিক্ষার্থীরাও আমাদের আন্দোলনে সমর্থন জানিয়ে কলেজে বিক্ষোভ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এর আগে, সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করে বলেন, কলেজের বর্তমান অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠা শুরু হয়।

অধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী, গণিত বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামানসহ আরো কতিপয় শিক্ষককে সঙ্গে নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের মতো পরিচালনা করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.